টানা বৃষ্টিতে বরগুনায় জনজীবন বিপর্যস্ত, ঝুঁকিতে ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ

হোম » আবহাওয়া » টানা বৃষ্টিতে বরগুনায় জনজীবন বিপর্যস্ত, ঝুঁকিতে ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

টানা বৃষ্টিতে বরগুনায় জনজীবন বিপর্যস্ত, ঝুঁকিতে ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার সকাল থেকে মুষলধারে রূপ নেয়। একটানা বৃষ্টি ও দমকা হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কৃষিজমিতে পানি জমে শীতকালীন সবজি, আগাম তরমুজ ও ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়-রোজগারহীন হয়ে পড়েছেন জেলেরা। এর মধ্যে জেলার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের ৪৪ কিলোমিটার ঝুঁকিপূর্ণ হওয়ায় উপকূলীয় জনপদে দেখা দিয়েছে নতুন আতঙ্ক।

 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ভারী বৃষ্টিতে বরগুনা জেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও দিনমজুরদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির কারণে বাজারেও ক্রেতার উপস্থিতি কমে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

টানা বৃষ্টিতে নিচু কৃষিজমি ও বীজতলায় পানি জমে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আগাম তরমুজ চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। বৃষ্টি ও দমকা হাওয়ায় পাকা ও আধাপাকা ধানও মাটিতে নুয়ে পড়েছে।

 

বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের কৃষক সেলিম বলেন, ‘অনেক কষ্ট করে, টাকা খরচ করে জমিতে ফসল আবাদ করেছি। এখন বৃষ্টি অব্যাহত থাকলে ফসল নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে।’

 

কৃষক মনিরুজ্জামান বলেন, ‘টানা বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। আগাম তরমুজ চাষের সম্ভাবনাও নেই। কোথাও কোথাও জমিতে পানি জমেছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় ফসলের ক্ষতি হলে আমাদের পথে বসতে হবে।’

 

অন্যদিকে বৈরী আবহাওয়ায় সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। পুরাকাটার জেলে সেন্টু ও মাঝি কবির হাওলাদার বলেন, ‘সাগর ও নদী উত্তাল থাকায় নৌকা-ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া যাচ্ছে না। ফলে আমাদের আয় বন্ধ হয়ে গেছে। সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে।’

 

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়বে।

 

এদিকে বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি বাড়লে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা করছেন বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বরগুনার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৪৪ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। এসব এলাকার হাজার হাজার মানুষ সম্ভাব্য জলোচ্ছ্বাস ও বাঁধ ভাঙনের আতঙ্কে রয়েছেন।

 

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান জানান, ভাঙন প্রতিরোধে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

 

বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ