
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামী দিনেও এ পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। অশান্তি তৈরি করে এমন লোকজনের সংখ্যা খুব বেশি নয়।’
পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ কীভাবে করবে? আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনাদেরই বজায় রাখতে হবে।’
তিনি গোপালগঞ্জবাসীকে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।