বরগুনায় বিষখালী নদী শাসনে ১ হাজার ৩১১ কোটি টাকার প্রকল্প

হোম » বরগুনা » বরগুনায় বিষখালী নদী শাসনে ১ হাজার ৩১১ কোটি টাকার প্রকল্প
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

বরগুনায় বিষখালী নদী শাসনে ১ হাজার ৩১১ কোটি টাকার প্রকল্প

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার বামনা উপজেলার রামনা, কাকচিড়া ও বামনা শহরকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষায় ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে। নদীভাঙন রোধে বিষখালী নদী শাসনের বিকল্প নেই বলে জানিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

 

চীফ হুইপের চাহিদা এবং উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে। গত ১৫ নভেম্বর সংসদ ভবনে বরিশাল বিভাগের এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, উপকূলের জন্য প্রকল্প নিতে হবে উপকূলকে বুঝে। শুধু টাকা খরচ করলেই হবে না, কাজের মান নিশ্চিত করতে হবে এবং অপচয় বন্ধ করতে হবে।

 

বৈঠকে তিনি বামনা, বেতাগী ও পাথরঘাটার নদীভাঙন, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, বামনার রামনা, কাকচিড়া ও শহরাঞ্চলকে রক্ষায় বিষখালী নদী শাসনের বিকল্প নেই। উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীভাঙন ও স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

 

এদিকে বামনা শহরকে নদীভাঙন থেকে রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং দুটি পোল্ডারের অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রকল্পটির পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

পাউবোর প্রধান প্রকৌশলীর (পুর) পরিকল্পনা বিভাগ থেকে গত ১৬ নভেম্বর পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

 

চিঠিতে আরও জানানো হয়, গত ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ