কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

হোম » খুলনা » কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার কাটকাটা বাজারে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক আঃ সবুর বিশ্বাসের আড়াই থেকে ৩ লাখ টাকার মালামাল ও একটি ফ্রিজ পুড়ে নষ্ট হয়েছে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় রয়েছেন তিনি।

 

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো আগুনের কবল থেকে রক্ষা পায়।

 

দোকান মালিক আঃ সবুর বিশ্বাস উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সদস্য। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

 

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই দোকানের কিছু মালামাল পুড়ে যায়।

 

কাটকাটা বাজার কমিটির সভাপতি আঃ সালাম সরদার সাগরকন্যাকে বলেন, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর ওই দোকানে আগুন লাগে। পরে সবার সহযোগিতায় আগুন নেভানো হয়। তবে দোকানের অনেক মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

 

কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে আশপাশের দোকানগুলো রক্ষা পায়। তবে ওই দোকানের অনেক মালামাল পুড়ে গেছে।

 

বাজারের ব্যবসায়ী রিপন শেখ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ জন্য তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:০১:২৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ