সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিলি ওই গ্রামের প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের মেয়ে। সে আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে লেখাপড়া নিয়ে মিলিকে বকাঝকা করেন তার মা মোকছেনুর বেগম। এতে মায়ের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে সে। মেয়েকে ঘুমিয়ে পড়তে দেখে রাতে আর খাবার খেতে ডাকেননি মা।
পরদিন শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মেয়েকে ডাকতে তার কক্ষে যান মোকছেনুর বেগম। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে জানালার গ্রিলের পাশে ওড়না পেঁচানো অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
মিলির মা মোকছেনুর বেগম গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যে পরিবারের অগোচরে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাজিরহাট থানার এসআই আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।