
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাঠের আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। নিচু জমিতে জমেছে বৃষ্টির পানি। এতে আমন ধানের পাশাপাশি আগাম শীতকালীন শাকসবজি ও রবিশস্যের বীজতলার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ বৈরী আবহাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি আমন মৌসুমে বেতাগীতে ১০ হাজার ৮২৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। অগ্রহায়ণের শুরুতে ধান কাটার মৌসুমে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে থাকায় ধানগাছ ডুবে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বেতাগী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমন ধান পাকতে শুরু করেছে। কিছু জমিতে ধান কাটার প্রস্তুতিও চলছিল। এরই মধ্যে টানা বৃষ্টি ও দমকা বাতাসে অনেক জমির ধানগাছ হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আমনের পাশাপাশি আগাম শীতকালীন শাকসবজি ও রবিশস্যের বীজতলাও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলার সদর ইউনিয়নের কেওড়া গ্রামের এক কৃষক বলেন, ‘এবার অনেক কষ্ট করে ধান চাষ করেছি। এই ফসল ঘিরেই ছিল পরিবারের খরচ মেটানোর স্বপ্ন। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ায় এখন চরম শঙ্কায় দিন কাটাচ্ছি।’
বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন বলেন, ‘অসময়ের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কিছু এলাকার আমন ধান হেলে বা নুয়ে পড়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছি।’