বাড়িছাড়া গৃহবধূ নেছারাবাদে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হোম » পিরোজপুর » বাড়িছাড়া গৃহবধূ নেছারাবাদে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
শনিবার ● ২ মে ২০২৬


বাড়িছাড়া গৃহবধূ নেছারাবাদে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের প্রতিবাদ করায় তানজিলা আক্তার সিবলী নামে এক গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ এপ্রিল এ ঘটনায় নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে নির্যাতিত ওই নারী তার চাচার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের সংগীতকাঠী গ্রামে। অভিযোগে বলা হয়, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে রিয়াজ মাহমুদের সঙ্গে বিয়ে হয় তানজিলার। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর আব্দুর রহিম ও ফুফু শানু আক্তারের সহযোগিতায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী তানজিলা বলেন, ‘বিয়ের কিছুদিন পরই স্বামীর পরকীয়ার বিষয়টি জানতে পারি। পরে একাধিক বিয়ের বিষয়েও আমি অবগত হই। আমি তার তৃতীয় স্ত্রী।’ তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় এক গাড়িচালকের স্ত্রীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ছিল এবং বিষয়টি হাতে-নাতে ধরা পড়ে।
ভুক্তভোগীর ভাই মো. রাসেল জানান, গত ৩ মার্চ সকালে পারিবারিক বিষয় নিয়ে তার বোনকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সম্প্রতি তাকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে রিয়াজ মাহমুদ বলেন, ‘একজন গাড়িচালকের স্ত্রীর সঙ্গে পরিচয়ের সূত্রে সম্পর্ক তৈরি হয়েছিল। পরে তা শেষ হয়েছে। তবে সন্দেহ ও পারিবারিক অশান্তির কারণে দাম্পত্যে সমস্যা তৈরি হয়।’ তিনি ডিভোর্সের নোটিশ পাঠানোর বিষয়টিও স্বীকার করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৯:০৬ ● ১৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ