
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
আর্থিক অসচ্ছলতা দমাতে পারেনি অদম্য মেধা ও উচ্চশিক্ষার স্বপ্ন। প্রতিকূলতার মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের কনা রানী। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে তাঁর পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে কনা রানীকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। সাবেক বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজের সার্বিক প্রচেষ্টায় এ সহায়তার ব্যবস্থা করা হয়।
কনা রানী কুমরাখালী গ্রামের গৌতম হাওলাদারের মেয়ে। পরিবারের আর্থিক অসচ্ছলতার মধ্যেও কঠোর অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ‘মেধা ও যোগ্যতা কখনো আর্থিক অসচ্ছলতার কারণে থেমে থাকতে পারে না। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সমাজ ও রাষ্ট্রের সবার এগিয়ে আসা প্রয়োজন। কনা রানীর মতো মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিক। মেধার বিকাশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিনেষ বিশ্বাস, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।