
সাগরকন্যা স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নিজেই জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে বছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হত্যা মামলাসহ একাধিক মামলার কারণে দেশে ফিরতে না পারা এই সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার ফেরাকে ঘিরে গত কয়েক মাস ধরেই নতুন করে আলোচনা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এক জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে ‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব।’
তিনি আরও বলেন, পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই, তবে সমাধান হলে তিনি দ্রুতই দেশে ফিরতে চান।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের মামলার কাগজপত্র সংগ্রহ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠালেও এখন পর্যন্ত তার দেশে ফেরার বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
সাকিব শেষবার বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার আগেও জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।