
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ড্রেজার শ্রমিক শামীম ফকিরের ওপর কোস্টগার্ড সদস্য কর্তৃক অমানবিক নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর এবার মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর ব্রিজে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মহিপুর থানাধীন নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের গোয়েন্দা শাখার সদস্য এফআইএস মো. মাসুদকে চাকুরি থেকে বরখাস্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে হাজীপুর শেখ জামাল সেতু এলাকায় শামীম ফকির ও তার ছোট ভাইকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে শামীম ফকিরকে নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে গিয়ে বিদ্যুৎ শক ও রড দিয়ে মারধরসহ গুরুতর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী শামীম ফকির নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের গনি ফকিরের ছেলে। তিনি ঢাকায় ড্রেজার মেশিনের শ্রমিক হিসেবে কাজ করেন। অসুস্থতার কারণে গত প্রায় তিন মাস ধরে তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
মানববন্ধনে কলাপাড়া পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সোয়েবুর রহমানসহ বক্তারা বলেন, ঘটনার সময় শামীম ফকির ও তার ভাই ব্রিজের ওপর বসে ছিলেন। ওই সময় কোস্টগার্ড সদস্য মো. মাসুদ তাকে গলদা চিংড়ি জেলে সন্দেহে আটক করেন এবং পরবর্তীতে ক্যাম্পে নিয়ে অমানবিক নির্যাতন চালান। তারা অভিযোগ করেন, নির্যাতনের পর তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কোস্টগার্ড সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানান তারা।