
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়ে সানজিদা কবির অনিতা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী অনিতার সহপাঠীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বরিশালস্থ কলাপাড়া উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সদস্যরাও অংশ নেন। এসময় বক্তারা বলেন, অনিতার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর বগুড়া সড়কে অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলের একটি কক্ষ থেকে সানজিদা কবির অনিতা (২২) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মহাসিন কবির শাহিনের মেয়ে এবং সরকারি একটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম আকন হিমু (৩০) ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দা। তিনি ঘটনাস্থলের ওই বাসায় ভাড়া থাকতেন এবং ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অনিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন উল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিআইডির সহায়তায় আলামত সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।