তালতলীতে ফুটবল খেলায় গরু দৌড়, পিটুনিতে শিশু খেলোয়াড় নিহত

হোম » লিড নিউজ » তালতলীতে ফুটবল খেলায় গরু দৌড়, পিটুনিতে শিশু খেলোয়াড় নিহত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


 

তালতলীতে ফুটবল খেলায় গরু দৌড়, পিটুনিতে শিশু খেলোয়াড় নিহত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে ফুটবল খেলায় বল গরুর কাছে পড়ে যাওয়াকে কেন্দ্র করে এক শিশু খেলোয়াড়কে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। পরে রবিবার দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

 

নিহত হযরত আলী (১৪) তালতলী উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ইদ্রিস খলিফার ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হরিণখোলা দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলায় গোলকিপারের দায়িত্বে ছিল হযরত আলী। খেলার এক পর্যায়ে বল কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম ঘরামীর ছেলে মুছা ঘরামীর গরুর কাছে চলে যায়। এতে গরুটি ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মুছা ঘরামী ও তার সহযোগীরা মাঠে থাকা হযরত আলীকে মারধর করে। পরে সে অসুস্থ হয়ে পড়ে।

 

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চাচা ইউনুস খলিফা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

 

শিশুটির মৃত্যুতে মা আছিয়া বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর বাইচ্চা থাহার আর কিচুই রইলো না। হ্যারা পোলাডারে পিডাইয়া মাইরা ফালাইছে। মুই এর বিচার চাই।’

 

নিহতের চাচা ইউনুস খলিফা বলেন, ‘আমার ভাইয়ের ছেলেকে মুছা ঘরামী ও তার লোকজন মারধর করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।’

 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাশ সানি বলেন, হযরত আলী পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া এখনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১০:০৯ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ