এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হোম » খেলা » এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


 

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাগরকন্যা স্পোর্টস ডেস্ক

এশিয়ান বিচ গেমসের নারী কাবাডি ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জনের পর বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সেমিফাইনাল ও পদক নির্ধারণী ম্যাচ শেষে এই অর্জন নিশ্চিত হওয়ার পরপরই তিনি রবিবার এক অভিনন্দন বার্তা দেন।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নারী কাবাডি দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশেষ মুহূর্ত। দীর্ঘ ১৪ বছর পর এশিয়ান বিচ গেমস থেকে পদক পুনরুদ্ধার করে আমাদের মেয়েরা প্রমাণ করেছে, সঠিক সুযোগ ও নিষ্ঠা থাকলে তারা বিশ্বমঞ্চে যেকোনো শক্তির মোকাবিলা করতে সক্ষম। সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করার যে মানসিকতা তারা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসের কাবাডিতে বাংলাদেশের পদক জয় নারী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়াবে। মাঠের লড়াইয়ে তারা যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমি আশাবাদী- ভবিষ্যতে আমরা ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করব। এই ব্রোঞ্জ জয় দেশের খেলাধুলার মানোন্নয়নে নতুন উদ্দীপনা জোগাবে।’

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নারী কাবাডি দল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে। সরকারের পক্ষ থেকে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ