বাগেরহাটের মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

হোম » খুলনা » বাগেরহাটের মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬


 

বাগেরহাটের মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা পৌর এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার শহরের একটি চুরির ঘটনায় টাকা উদ্ধার করে ৯ বছর বয়সী এক শিশুকে থানায় নিয়ে যান বিএনপির নেত্রী জানোয়ারা জানু। এ সময় জানুসহ তিনজনকে আটক করে শনিবার আদালতে পাঠায় পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মহিলা দল ও বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৌরসভার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন পৌর মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ কমলা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, শ্রমিক দল সভাপতি মো. মনিরুজ্জামান, মো. আলাউদ্দিনসহ অন্যরা।

মোসাম্মদ কমলা বেগম বলেন, ‘চুরির টাকা উদ্ধার করে দেওয়া কোনো অপরাধ নয়। ওসি কোনো তদন্ত ছাড়াই নেত্রীসহ তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছেন। আদালতে পাঠানোর আগে তাদের গালাগালি করা হয়েছে। আমরা এমন ওসিকে এখানে চাই না।’

তবে অভিযোগ অস্বীকার করে মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, শুক্রবার সকালে ৯৮ হাজার ৫০০ টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া স্বীকারোক্তিতে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘যারা এখন আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে, তারা বাকি টাকা ভাগবাটোয়ারা করার চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:২৬:০৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ