গৌরনদীতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, তীব্র ক্ষোভ ও গ্রেপ্তার দাবি

হোম » বরিশাল » গৌরনদীতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, তীব্র ক্ষোভ ও গ্রেপ্তার দাবি
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা, তীব্র ক্ষোভ ও গ্রেপ্তার দাবি

সাগরকন্যা প্রতবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. ফারহান হোসেন নান্নুর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সেন্ট পিটার পেট্রোল পাম্পের সামনে বসে থাকা অবস্থায় তাকে ডেকে নিয়ে স্থানীয়ভাবে চিহ্নিত ভূমিদস্যু আশরাফ আলী সরদার পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নান্নু রক্তাক্ত জখম হন।

আহত সাংবাদিক নান্নু জানান, সম্প্রতি তিনি বড়বাড়ি এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। এরপর থেকেই আশরাফ সরদার নানা ধরনের হুমকি দিয়ে আসছিল এবং দীর্ঘদিন ধরে অবৈধ দাবিও জানিয়ে আসছিল বলে তিনি অভিযোগ করেন।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে কিছু সময় পর আশরাফ হোসেন নামের আরেক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, পরে ভর্তি হওয়া ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় হাসপাতালে ছুটে যান স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোও ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:০২ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ