পটুয়াখালীতে কানের ভেতরে লুকানো ইয়াবা, অস্ত্রোপচারে উদ্ধার দুই ট্যাবলেট

হোম » আলোচিত খবর » পটুয়াখালীতে কানের ভেতরে লুকানো ইয়াবা, অস্ত্রোপচারে উদ্ধার দুই ট্যাবলেট
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬


 

কানের ভেতর লুকানো ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পুলিশের নজর এড়াতে কানের ভেতরে ইয়াবা লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের কান থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাবলেট দুটি বের করেন।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরব ইসলাম (১৯) নামের ওই যুবককে গত ২২ এপ্রিল পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নিরবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আগে কয়েকবার গ্রেফতার করা হয়েছে।

 

ভর্তির পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার অভিযোগ করলে বিষয়টি গুরুত্ব দিয়ে মাদক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

 

অস্ত্রোপচারের সময় তার কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে উপস্থিতদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়।

 

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান সাগরকন্যাকে জানান, নিরব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, ‘২২ এপ্রিল পরিবারের সদস্যরা তাকে কেন্দ্রে ভর্তি করেন। পরে কানে ব্যথার কথা জানালে চিকিৎসকের কাছে পাঠানো হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’

 

তিনি আরও জানান, নিরবের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়। এর আগে তাকে চার মাসের জন্য জেলা কারাগারের ‘সেফ কাস্টডি’তে রাখা হয়েছিল।

 

এদিকে মাদক বহনের এমন অস্বাভাবিক কৌশল নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মাদককারবারিরা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ পদ্ধতি অবলম্বন করছে- যা নিয়ন্ত্রণে নজরদারি জোরদার প্রয়োজন।

বাংলাদেশ সময়: ৬:২৭:২০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ