
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
হাম-রুবেলা রোগে দেশে বহু তাজা প্রাণ ঝরে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই রোগ প্রতিরোধযোগ্য হওয়ায় সরকার শিশুদের টিকার আওতায় এনে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যে কাজ করছে।
সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার রাষ্ট্রকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও বিগত সময়ে উত্তোলনে ব্যর্থতা ও আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। এজন্য অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃজ্ঞ মন্ডল। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম মঞ্জুরে এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।