চরফ্যাশনে পিতার লাশ দাফনে বাধা, জোরপূর্বক স্ট্যাম্প স্বাক্ষরে মামলা

হোম » ভোলা » চরফ্যাশনে পিতার লাশ দাফনে বাধা, জোরপূর্বক স্ট্যাম্প স্বাক্ষরে মামলা
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

চরফ্যাশনে পিতার লাশ দাফনে বাধা, জোরপূর্বক স্ট্যাম্প স্বাক্ষরে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 

ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে মৃত পিতার লাশ দাফনে বাধা এবং ছোট ভাইকে জিম্মি করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ পরিবারের সদস্যদের রেখে যান।

 

অভিযোগ অনুযায়ী, পিতার মৃত্যুর পর বড় দুই ভাই মো. ইসমাইল হোসেন নসু ও আবু তাহের বাচ্চু স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে লাশ দাফনে বাধা দেন এবং ছোট ভাই নুরুল ইসলামকে জিম্মি করে তিনটি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন।

 

ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, ‘আমার বাবা জীবিত থাকাকালে আমাকে জমি লিখে দিয়েছেন এবং অন্য ভাই-বোনদের সমানভাবে টাকা দিয়েছেন। কিন্তু তার মৃত্যুর পর বড় দুই ভাই ও কিছু লোকজন মিলে আমাকে জিম্মি করে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এখন ওই স্ট্যাম্প ব্যবহার করে আমাকে হয়রানি করার চেষ্টা চলছে।’

 

তিনি আরও বলেন, বিষয়টি সমাধান না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং স্ট্যাম্প উদ্ধারের আবেদন করেছেন। আদালত চরফ্যাশন থানার পরিদর্শক (তদন্ত)কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

 

অভিযোগ অস্বীকার করে আবু তাহের বাচ্চু বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং তারা কোনো স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেননি।

 

এ বিষয়ে চরফ্যাশন থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, আদালতের নির্দেশনার কাগজ এখনও পাওয়া যায়নি। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ