গৌরনদীতে অবৈধ ডিজেল-পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

হোম » বরিশাল » গৌরনদীতে অবৈধ ডিজেল-পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে অবৈধভাবে ডিজেল-পেট্রোল মজুদ: অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা ৫০ হাজার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে লাইসেন্সবিহীনভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আ. রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পরিচালিত অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ৩২০০ লিটার ডিজেল ও পেট্রোল অবৈধভাবে মজুদ রাখা এবং কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযানে আরও জানা যায়, অতিরিক্ত মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত তেল বাজার কমিটির জিম্মায় রেখে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:০৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ