
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার সদর উপজেলায় ঘরে ঢুকে ছেলের সামনে দুবাই প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মারা যাওয়ার ভান করে প্রাণে বেঁচে যায় তার ৮ বছরের ছেলে আবির। ঘটনাটি তদন্তে পুলিশ মো. জিহাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে নিহত নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী আল-আমিনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলের ওপর এলোপাতাড়ি হামলা চালায় তারা। একপর্যায়ে নাসিমা বেগমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
আবিরের ভাষ্য অনুযায়ী, হামলার সময় মো. জিহাদ নামের এক যুবক ঘরে প্রবেশ করে তার মাকে কুপিয়ে হত্যা করে এবং তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে হামলাকারী চলে যায়। এরপর বাইরে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে।
নিহতের চাচাশ্বশুর নাজিম উদ্দীন জানান, আহত শিশুটি ছুটে এসে ঘটনার কথা জানালে তারা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত আবিরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম জানান, শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জিহাদকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।