
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে জোরপূর্বক খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। শরিকল হাটের ইজারাদার লিমন মুন্সী ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে এ অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ছাত্তার খলিফাসহ একাধিক বাসিন্দা জানান, প্রায় তিন বছর ধরে কান্ডপাশা গ্রামের ছোট এ বাজারে প্রতি শুক্রবার ও মঙ্গলবার স্থানীয় কৃষকের উৎপাদিত ধান, চাল ও ডাল কেনাবেচা হয়ে আসছে। বাজারটি ইজারামুক্ত হওয়ায় এতদিন কোনো ধরনের খাজনা আদায় করা হতো না। তবে গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে শরিকল ইউনিয়নের শরিকল হাটের ইজারাদার লিমন মুন্সীর লোকজন দুই কিলোমিটার দূরের এই বাজারে এসে খাজনা আদায় শুরু করে।
তারা অভিযোগ করে বলেন, ওই দিন অন্তত ১৫ থেকে ২০ জন কৃষকের কাছ থেকে মণপ্রতি ২০ টাকা হারে জোরপূর্বক খাজনা আদায় করা হয়। এরপর থেকে প্রতি শুক্রবার ও মঙ্গলবার ৮ থেকে ১০ জন করে কৃষকের কাছ থেকে নিয়মিতভাবে খাজনা নেওয়া হচ্ছে। শরিকল ও কান্ডপাশা ভিন্ন ইউনিয়ন হওয়া সত্ত্বেও এভাবে খাজনা আদায় কেন করা হচ্ছে- তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অভিযোগের বিষয়ে ইজারাদার লিমন মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ইজারাদারকে ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এক হাটের ইজারাদারের অন্য হাটে গিয়ে খাজনা আদায়ের কোনো সুযোগ নেই।