কুয়াকাটায় আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের দেওয়া স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে বর্তমানে বরগুনার তালতলী উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার কথা জানিয়ে মো. জালাল উদ্দিন আহম্মেদ বলেন, কুয়াকাটায় এস এ ১৩০০ নম্বর খতিয়ানভুক্ত এবং বিএস ৪২৪৯ নম্বর খতিয়ানের আওতাধীন ৫০৫৯, ৫০৬২ ও ৫০৬৩ নম্বর দাগে মোট ২ দশমিক ২৮ একর জমি তিনি সরকারের কাছ থেকে বন্দোবস্ত সূত্রে বৈধভাবে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা (নম্বর ৪৫৫/২১) বর্তমানে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলার শুনানি শেষে গত ১০ মার্চ ২০২৬ আদালত উভয় পক্ষকে জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই নির্দেশনায় জমিতে কোনো গাছ কাটা, ক্ষতিসাধন, পরিবর্তন বা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশ অমান্য করে গত ৩১ মার্চ গভীর রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করেন। অভিযুক্তদের মধ্যে মজিবর মোল্লা, জয়নাল শেখ, শাহ আলমসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

অবিলম্বে আদালতের নির্দেশ বাস্তবায়ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান মো. জালাল উদ্দিন আহম্মেদ।

অন্যদিকে অভিযুক্ত জয়নাল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা নির্দিষ্ট দাগ ও খতিয়ানের জমির ওপর ছিল, তারা যে স্থানে ঘর নির্মাণ করেছেন সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৫৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ