পাথরঘাটা বেকারি কারখানায় ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হোম » বরগুনা » পাথরঘাটা বেকারি কারখানায় ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

পাথরঘাটা বেকারি কারখানায় ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জনপ্রিয় ‘নিপা বেকারি’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও শুরুতে সাড়া মেলেনি। পরে থানা পুলিশের মাধ্যমে খবর দিলে রাত প্রায় ৪টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে কারখানার মূল্যবান মেশিনারিজ, কাঁচামাল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত পাঁচটি যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন নেভাতে গিয়ে স্থানীয় যুবক ও ‘আরব স্টোর’-এর স্বত্বাধিকারী মো. সাদেক পাইপের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

কারখানার মালিক নুর হোসেন বলেন, ‘আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ- সব পুড়ে গেছে। এখানে ৩২ জন শ্রমিক কাজ করে। ব্যবসার অবস্থা এমনিতেই খারাপ, তার ওপর ঋণের চাপ রয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না।’

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও পানির সংকটে পড়তে হয়। প্রথমে একটি পুকুরে পাম্প বসানো হলেও সেটি শুকিয়ে যায়। পরে অন্য একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জনবল সংকটও ছিল বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৮:০৬:৫০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ