
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মাদকসহ গ্রেপ্তারের তথ্য প্রকাশের জেরে গৌরনদীতে এক সাংবাদিককে ফোনে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গৌরনদী মডেল থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানায়। ওই তথ্যের ভিত্তিতে গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. নাসির উদ্দিন সংবাদ প্রকাশ করেন। পরে রাত সাড়ে নয়টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা নতুন ব্রিজ এলাকার পুরাতন সড়ক থেকে দক্ষিণ নাঠৈ গ্রামের ফয়সাল মাহমুদ শুভ (২৬)কে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাংবাদিক মো. নাসির উদ্দিন বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব থেকে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেছি। অথচ একটি চক্র আমাকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করতে চাচ্ছে- এটি স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি।’ খোঁজ নিয়ে জানা গেছে, হুমকির সঙ্গে জড়িত হিসেবে হিরামনি (২০) নামের এক নারীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি গ্রেপ্তারকৃতের স্বজন এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে এবং শুক্রবার (১০ এপ্রিল) সকালে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪২৩) করা হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, ‘মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে হুমকি দেওয়া চরম নিন্দনীয়। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’
সচেতন মহল বলছে, মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা যদি এভাবে হুমকির মুখে পড়েন, তবে তা অপরাধীদের উৎসাহিত করবে এবং সত্য প্রকাশের পথ ব্যাহত করবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।