
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে তারই স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জি.এম. ইয়াকুবের প্রায় ১ একর ৫৭ শতাংশ জমি গত দুই বছর ধরে জোরপূর্বক দখল করে ভোগ করছেন একই গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. রেজোয়ান সিনা (৪৫)। অভিযুক্ত রেজোয়ান সম্পর্কে ইয়াকুবের ভাতিজা।
জানা যায়, জি.এম. ইয়াকুব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে অংশ নেন। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ’-এর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৩০ মে তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি পরিবারসহ ঢাকার মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় বসবাস করতেন।
মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া খান (৬৩) অভিযোগ করে বলেন, ঢাকায় বসবাসের সুযোগে রেজোয়ান সিনা তাদের গ্রামের সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন। শুধু দখলই নয়, ওই জমিতে পুকুর খনন করে মাছ চাষ করছেন তিনি। জমি ফেরত চাইলে উল্টো তিন লাখ টাকা দাবি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি এভাবে দখল করা অত্যন্ত দুঃখজনক। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।’ এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের জমি দখলের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. রেজোয়ান সিনা। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা জমি দখল ও টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং কেন এমন অভিযোগ করা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।