
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
গভীর সমুদ্র ও নদ-নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিতে পাথরঘাটায় ১০০টি ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইউপি) মো. ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস জানান, গভীর সমুদ্র ও নদীতে উপকূলের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করেন। ট্রলারে লাইফ জ্যাকেট ও লাইফ বয়া না থাকায় ঝড়-জলোচ্ছ্বাসে প্রায়ই জেলে নিখোঁজ ও মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়টি বিবেচনায় এনে পাথরঘাটার ১০০টি ট্রলারের প্রায় এক হাজার জেলেকে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, ট্রলবক্স, চিকিৎসার জন্য ফার্স্টএইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ ১৪ প্রকারের সামগ্রী প্রদান করা হয়েছে।
শফিকুল ইসলাম খোকন বলেন, ‘সমুদ্রগামী জীবনরক্ষাকারী এসব সরঞ্জাম সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করতে হবে। নিজেদের জীবন রক্ষায় এবং পরিবারের কথা বিবেচনা করে এগুলো ব্যবহারের কোনো বিকল্প নেই।’
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়েই জেলেরা সাগরে মাছ শিকার করেন। দুর্যোগের সময় তারা নানা দুর্ঘটনায় পড়েন। লাইফ জ্যাকেট বা লাইফ বয়া থাকলে অনেকেই হয়তো জীবিত ফিরে আসতে পারেন। সমুদ্রগামী ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’