নাজিরপুরে শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


নাজিরপুরে শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে এক শিক্ষকের স্বাক্ষর জাল করে উন্নয়ন কাজের বিল উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) মো. ইয়াসির আরাফাতের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ৫৮ পৃষ্ঠার লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রীর স্বাক্ষর জাল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত ২ এপ্রিল তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সংসদ সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বিভাগীয় কমিশনার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরপুর প্রেসক্লাবসহ মোট ৯টি দপ্তরে লিখিত অভিযোগ দেন।

প্রধান শিক্ষক অভিযোগে উল্লেখ করেন, কাজ সম্পূর্ণ না হওয়ায় তিনি চূড়ান্ত বিলের কাগজে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, তার স্বাক্ষর জাল করে পুরো বিল উত্তোলন করা হয়েছে। এছাড়া তাকে ঠিকাদারের সঙ্গে আঁতাতের অপবাদও দেওয়া হয় বলে তিনি জানান।

অভিযোগে আরও বলা হয়, ইশতিয়াক কনস্ট্রাকশন নামের একটি লাইসেন্স ব্যবহার করে সংশ্লিষ্ট সিএ বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ন্ত্রণ করেন। লাইসেন্সটি তার আত্মীয়ের নামে হলেও কার্যত তিনি নিজেই সব কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ইয়াসির আরাফাত পূর্বে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ হিসেবে দায়িত্ব পান। এরপর থেকেই বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি প্রভাব বিস্তার করেন বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে পৃথক আরেক অভিযোগে স্থানীয় মফিজুল ইসলাম দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি তার জমি দখল করেছেন এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন। গত এক দশকে বিভিন্ন প্রকল্পের কাজের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে ওই অভিযোগপত্রে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. ইয়াসির আরাফাতের বক্তব্য জানা যায়নি।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪০:০৭ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ