পরকীয়ার অভিযোগে কলাপাড়ায় দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্কচ্ছেদ

হোম পেজ » পটুয়াখালী » পরকীয়ার অভিযোগে কলাপাড়ায় দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্কচ্ছেদ
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্কচ্ছেদ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার অভিযোগে গ্রামের মানুষের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন জাহাঙ্গীর হাওলাদার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

জাহাঙ্গীরের দাবি, প্রায় চার বছর আগে তিনি তার খালাতো বোন নূপুর আক্তারকে বিয়ে করেন এবং তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, নূপুর সৌদি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। গত ২৭ মার্চ রাতে ভিডিও কলে কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে দুজনই একে অপরকে তালাক দেন বলে জানান তিনি।

 

এ বিষয়ে নূপুরের পরিবারকে একাধিকবার জানানো হলেও সমাধান হয়নি বলে দাবি করেন জাহাঙ্গীর। উল্টো তার শ্বশুর তাকে হয়রানি ও মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে প্রায় ২০ কেজি দুধ সংগ্রহ করে সবার সামনে গোসলের মাধ্যমে প্রতীকীভাবে সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেন।

 

অন্যদিকে, নূপুরের বাবা ইউসুফ আকন অভিযোগ অস্বীকার করে জানান, তার মেয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা। বরং জাহাঙ্গীরই নেশাগ্রস্ত এবং তার মেয়েকে মারধর করতেন।

 

কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪০ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ