কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪০ কোরাল

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪০ কোরাল
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় এক ট্রলারে ধরা ৪০ কোরাল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়েছে ৪০ পিস সামুদ্রিক কোরাল মাছ, যা স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো কুয়াকাটার মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারটির মাঝি আঃ কাদের ও তাঁর সঙ্গীরা। দীর্ঘদিন মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে বিপর্যস্ত জেলেদের জন্য এমন ধরা পড়া মাছ আশার সঞ্চার করেছে।

 

পরে নিলামের মাধ্যমে সাড়ে তিন মণ কোরাল মাছ প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজি কোরাল মাছের দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ২২৫ টাকা।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই বন্দরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। বিরল এ দৃশ্য দেখতে অনেকেই ভিড় করেন।

 

ট্রলারের মাঝি আঃ কাদের বলেন, ‘দীর্ঘদিন পরে এত কোরাল মাছ পেয়ে আমরা খুবই খুশি। প্রায় দুই মাস পর ভালো কিছু মাছ পেলাম। এতে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।’

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে, তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে।

 

তিনি আরও জানান, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি এবং এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ