মোংলায় চিকিৎসকদের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

হোম পেজ » খুলনা » মোংলায় চিকিৎসকদের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬


মোংলায় চিকিৎসকদের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবং ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মোংলা সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, মো. শাহজাহান ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী বেবী রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তানভীরুল ইসলাম সৌরভ ও সাধারণ সম্পাদক শামিম হোসাইন শামিমসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম চলছে। সরকারি ওষুধ রোগীদের না দিয়ে বাইরে পাঠানো, ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি ক্লিনিকে রোগী দেখা এবং নিম্নমানের চিকিৎসা সেবার অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত ও যুবদল নেতা মো. মানিককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা এই মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে অবিলম্বে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি চান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দুর্নীতিবাজ চিকিৎসকদের অপসারণ ও শাস্তির দাবি, দায়ের করা মামলা প্রত্যাহার এবং স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসা ও সরকারি ওষুধ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ