
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের সচিব প্রফেসর মোঃ আবদুস সালাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তিনি মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সচিব প্রফেসর মোঃ আবদুস সালাম নকলমুক্ত পরিবেশে কঠোর নিয়মের মধ্যে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ধরনের অনিয়ম বা শিথিলতার সুযোগ নেই। তিনি আরও বলেন, পরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়লে শিক্ষক কিংবা পরীক্ষার্থী-কেউই ছাড় পাবেন না; আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, শিক্ষা বোর্ডের নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে পালন করা সকলের দায়িত্ব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হবে।
পরিদর্শনকালে তিনি সাফা মাধ্যমিক বিদ্যালয়, সাপলেজা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে এম লতিফ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় এবং তুষখালী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রও ঘুরে দেখেন।
মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক মৃধা, মাওলানা মোঃ রুহুল আমিন, এ কে এম শাকিল আহমেদ, কিরণ প্রভা, জয়দেব সরকার, পারভেজ তালুকদার, স্বাগতম সমদ্দার, হাসিবুল ইসলাম, প্রতিভা মণ্ডল, সারমিন জাহান, আশুতোষ বেপারী, মনিকা রানী, গোলাম সরোয়ার রঞ্জু, আবু জাফর, বিদ্যুৎ বাবু, নাসরিন আক্তার, রিপা আক্তার, সবিতা রানী, নাসরিন বন্যা, শতাব্দী রানী, এটিএম কাওছার আহমদ, মুনমুন আক্তার, তানিয়া আক্তার, ফাতিমা বেগম, সুমনসহ কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা বোর্ডের কঠোর তদারকি ও নির্দেশনার ফলে আগামী ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষা সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।
আরকেএস/এমআর