
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন ধানহাটা এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযানে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে ডিজেল ১,৬৮৩ লিটার, পেট্রোল ১২০ লিটার, অকটেন ১০ লিটার ও কেরোসিন ২৬৩ লিটার রয়েছে বলে জানা যায়।
জেলা প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির উদ্দেশ্যে বসতবাড়িতে এসব মজুত করে রেখেছিলেন। অভিযানের সময় তিনি অপরাধ স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত জ্বালানি তেল সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত প্রক্রিয়ায় সংরক্ষণ ও নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে জ্বালানি তেল মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।