গৌরনদীতে সাপে কাটার চিকিৎসা সংকট, এন্টিভেনম না থাকায় বাড়ছে মৃত্যুঝুঁকি

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সাপে কাটার চিকিৎসা সংকট, এন্টিভেনম না থাকায় বাড়ছে মৃত্যুঝুঁকি
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

গৌরনদীতে সাপে কাটার চিকিৎসা সংকট, এন্টিভেনম না থাকায় বাড়ছে মৃত্যুঝুঁকি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে সাপে কাটার পর উপজেলা পর্যায়ে কার্যকর চিকিৎসা ও এন্টিভেনম সংকটের কারণে রোগীদের দ্রুত জেলা শহরে পাঠাতে গিয়ে পথেই প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো চিকিৎসা না পাওয়ায় বহু মৃত্যুর ঘটনা ঘটলেও সংকটের সমাধান হয়নি।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় এন্টিভেনম ও জরুরি চিকিৎসা ব্যবস্থা দীর্ঘদিন ধরে অপ্রতুল। ফলে গ্রামাঞ্চলে সাপে দংশনের পর প্রথমে অনেক রোগীকে ওঝা বা ঝাড়ফুঁকের কাছে নেওয়া হয়। এতে সময় নষ্ট হয়ে অবস্থার অবনতি ঘটলে তাদের হাসপাতালে আনা হলেও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দ্রুত বরিশাল শহরের হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ পথ ও দেরির কারণে অনেক রোগী পথেই মারা যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছরে গৌরনদীতে চিকিৎসা সংকট ও দেরিতে চিকিৎসা পাওয়ার কারণে অন্তত পাঁচজন সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর বানিয়াশুরী গ্রামের গৃহবধূ মাজেদা বেগম সাপে দংশনের পর ঝাড়ফুঁক শেষে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার অভাবে বরিশাল নেওয়ার পথে মারা যান। একইভাবে ২০২০ সালে দিয়াশুর গ্রামের কলেজছাত্র শাওন চৌকিদার উপজেলা হাসপাতাল থেকে বরিশাল পাঠানোর পথে মারা যান। ওই বছরই বার্থী ইউনিয়নের ফারুক দেওয়ান ও সরিকল ইউনিয়নের রেজাউল করিম এবং ২০২৩ সালে চন্দ্রহার গ্রামের রাজু সরদারও একইভাবে প্রাণ হারান।

 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তৌকির হোসেন জানান, ২০২০ সাল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ৬০ জন সাপে কাটা রোগী হাসপাতালে এসেছে। এর মধ্যে বিষধর সাপে দংশিত রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এন্টিভেনম সংকট রয়েছে এবং তা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:২৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ