আমতলীতে আগুনে ছাই উদ্যোক্তার স্বপ্ন, ঋণচাপে দিশেহারা

হোম পেজ » বরগুনা » আমতলীতে আগুনে ছাই উদ্যোক্তার স্বপ্ন, ঋণচাপে দিশেহারা
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

পুড়ে যাওয়া টাকা (বামে) ও ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠান (ডানে)

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীতে আগুনে পুড়ে এক উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার উত্তর রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উত্তর রাওঘা গ্রামের রফিক গাজীর ছেলে রাকিব গাজী ২০২৩ সালে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নিয়ে মুদিমাল ও মনোহারি ব্যবসা শুরু করেন। পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসাও চালাতেন তিনি। ওই ব্যবসার আয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ হতো।

 

রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পান রাকিব। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের সব মালামাল ও নগদ প্রায় দুই লাখ টাকা পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত রাকিব গাজী বলেন, আমার সব শেষ হয়ে গেছে। কীভাবে ঋণ পরিশোধ করবো, কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। নগদ দুই লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

আমতলী বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. কবির হোসেন বলেন, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে গেছে, এতে রাকিব চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ