মেহেন্দিগঞ্জে সালিশে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, বিএনপি নেতা বহিষ্কার

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে সালিশে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, বিএনপি নেতা বহিষ্কার
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

মেহেন্দিগঞ্জে সালিশে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, বিএনপি নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে সালিশি বৈঠকে পিটিয়ে খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য বিকেলে সালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হলে কয়েকজন মিলে খোরশেদ সিকদারকে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও হামলা থামাতে ব্যর্থ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি চেয়ার ও লাঠি দিয়ে ওই বৃদ্ধকে আঘাত করছে।

 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে দলীয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক বশির আহম্মেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল।

বাংলাদেশ সময়: ১২:২০:০৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ