
সাগরকন্যা প্রতিবেদক, ভাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। দুই পক্ষ ঢাল, সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। সেই ঘটনার রেশ ধরে ঈদের নামাজ শেষে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।