
সাগরকন্যা প্রতিবেদক, কুড়িগ্রাম
পবিত্র ঈদুল ফিতরের দিন কুড়িগ্রামের ধরলা সেতু ও আশপাশের নদী রক্ষা বাঁধ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ধরলা নদীর তীরে দিনভর হাজারো মানুষের মিলনমেলায় মুখর থাকে পুরো এলাকা।
ঈদের নামাজের পর থেকেই বাড়তে থাকে জনসমাগম, যা সন্ধ্যার পর রূপ নেয় প্রাণবন্ত উৎসবে এবং চলে গভীর রাত পর্যন্ত। কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, আবার কেউ সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আনন্দঘন মুহূর্ত। নদীর নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে। অনেকে মোটরসাইকেলে করে টি-বাঁধ এলাকায় ঘুরে বেড়ান।
উলিপুর থেকে আসা জোসনা বেগম (৫০) বলেন, প্রতিবছরই তিনি পরিবার নিয়ে এখানে আসেন। এবার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হওয়ায় চলাচল সহজ হয়েছে এবং স্থানটি বিনোদনের জন্য আরও উপযোগী হয়েছে।
জাহিদ হোসেন (১৩) জানায়, মায়ের সঙ্গে ধরলা পাড়ে বেড়াতে এসে সেলফি তুলেছে এবং ফুচকা খেয়ে তার খুব ভালো লেগেছে।
ধরলা ব্রিজ এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ ওয়ানওয়ে সিস্টেম চালু করেছে, যা দর্শনার্থীদের স্বস্তি দিয়েছে। ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়দের পাশাপাশি ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষও প্রিয় ধরলা পাড়ে এসে আনন্দ ভাগাভাগি করেন। দূর-দূরান্ত থেকে পর্যটক তুলনামূলক কম এলেও স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ঈদ উপলক্ষে এ মিলনমেলা আরও কয়েক দিন অব্যাহত থাকবে।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, ঈদকে কেন্দ্র করে ধরলা পাড়ে প্রতি বছরই মানুষের ভিড় হয়। এবারও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।