সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার অভিযানে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে ইটের স্তূপের ওপর উঠে যায় একটি স্পিডবোট। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সুগন্ধা নদীর তীরে এমএম ব্রিকস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্পিডবোটচালক মো. আশরাফুল ইসলাম জানান, বিকেলে সুগন্ধা নদীর দপদপিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানোর পর তাঁরা নলছিটি স্টিমারঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় স্পিডবোটের পাখায় ময়লা আটকে গেলে তাঁরা থেমে তা পরিষ্কার করেন। এরপর বোট চালু করতেই প্রচণ্ড গতিতে সেটি নদীর তীরে রাখা ইটের স্তূপের ওপর উঠে যায়। এরপর কী ঘটেছে, তা তাঁর আর মনে নেই।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন আনসার সদস্য জসিম উদ্দিন ও রেজাউল আলম এবং স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন, খান মোহাম্মদ মিল্লাত, জিসান আহমেদ, সিফাত ইসলাম, রায়হান ইসলাম ও খোরশেদ আলম।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অন্য স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত স্পিডবোটচালক আশরাফুল ইসলাম ও আনসার সদস্য রেজাউল আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সনজিত মণ্ডল জানান, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই মাথায় আঘাত লেগেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।