বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

হোম পেজ » বরগুনা » বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নোমরহাট এলাকায় গভীর রাতে আগুনে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। শনিবার (৭ মার্চ) শেষ রাতে বরগুনা-পুরাকাটা সড়কের পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর নাম মো. আমিনুল ইসলাম কিসলু।

 

ব্যবসায়ীর অভিযোগ, শনিবার রাতের শেষ ভাগে অজ্ঞাত দুর্বৃত্তরা নোমরহাট এলাকায় অবস্থিত ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

দোকান মালিক মো. আমিনুল ইসলাম কিসলু বলেন, প্রতিদিনের মতো রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। দোকানটি বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় কখন আগুন দেওয়া হয়েছে তা আমি বুঝতে পারিনি। পরে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ফোনে জানালে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। ততক্ষণে দোকানের ভেতরে থাকা বেশিরভাগ মালামাল পুড়ে যায়। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

 

তিনি জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রির জন্য প্রায় চার লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলেন। দুর্বৃত্তদের আগুনে সব মালামাল পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

রবিবার সকালে বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঈদের আগে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৫ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ