
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন দেওয়ার পরও একই পদে বহাল তবিয়তে কর্মরত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে সমালোচনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মো. আমানুল্লাহ বাহাদুর নামের এক ব্যক্তি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন পদ্ধডুবি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে তিনি ২০২২ সালের ৯ এপ্রিল চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন করেন, যা একই বছরের ৯ মে থেকে কার্যকর করার কথা উল্লেখ ছিল। আবেদনটি গ্রহণ করে অনুমোদন দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।
তবে অভিযোগ রয়েছে, অব্যাহতির আবেদন গ্রহণের পরও তিনি কীভাবে একই পদে চাকরি চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারীর স্বেচ্ছায় অব্যাহতির আবেদন গৃহীত হলে তার চাকরি বহাল থাকার কথা নয়। অথচ এ ক্ষেত্রে অব্যাহতির আবেদন গ্রহণের পরও তিনি স্বপদে কর্মরত থাকায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
জানা যায়, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মো. আমানুল্লাহ বাহাদুর স্বেচ্ছায় অব্যাহতির আবেদন করেন। তবে ওই নির্বাচনে তিনি প্রায় ২০ ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর তিনি আবারও আগের পদে চাকরি করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মো. আমানুল্লাহ বাহাদুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন এবং পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, পত্রটি আমরা গ্রহণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। চাকরি থেকে অব্যাহতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে বলা যাবে। তবে তিনি জানান, কেউ যদি স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে থাকে এবং তা গৃহীত হয়, তাহলে তার পুনরায় চাকরিতে ফিরে আসার সুযোগ নেই।
উল্লেখ্য, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দিয়ে থাকে।