
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করার সময় গলায় ফাঁস লাগায় দশম শ্রেণির শিক্ষার্থী রাজ মন্ডল জয় (১৬) মারা গেছেন। ওই ঘটনায় একমাত্র ছেলে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে রাজ মন্ডল জয় উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে দীর্ঘদিন ধরে নিজের টিকটক আইডিতে ভিডিও আপলোড করে আসছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও পরিচিতি পেয়েছিলেন। বুধবার সন্ধ্যায় নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটক ভিডিও করার সময় গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। দীর্ঘ সময় কক্ষে না থাকার কারণে ছোট বোন নুপু মন্ডল তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দাদীকে জানান। প্রতিবেশীরা দ্রুত এসে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুরে নার্স হিসেবে কর্মরত জয়ের মা স্মৃতি মন্ডল কান্নাজড়িত কন্ঠে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবি জানাই। যেন আর কোন মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়।
জয়ের বোন নুপু মন্ডল বলেন, স্যার পড়াতে আসবেন বলে ভাইকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দাদীকে জানাই। পরে প্রতিবেশীরা এসে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।