কালকিনিতে মামলা ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত করছে পুলিশ

হোম » ঢাকা » কালকিনিতে মামলা ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত করছে পুলিশ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

কালকিনিতে মামলা ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, তদন্ত করছে পুলিশ

সগিরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে মামলা, হামলা ও চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, প্রতিপক্ষের দায়ের করা মামলা হয়রানিমূলক এবং অভিযোগগুলো মিথ্যা। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন।

 

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হাওলাদারের সঙ্গে তাঁর চাচাতো ভাই ইকবাল হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। তাঁদের অভিযোগ, এই বিরোধের জেরে রেজাউল একাধিক মামলা করে প্রতিপক্ষকে হয়রানি করছেন।

 

তাঁদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার রাতে ইকবাল হাওলাদারের বোন মহরজান রেজাউলের বাড়ির ভাড়াটিয়া চিকিৎসক জাহিদের বাসা থেকে বের হওয়ার সময় রেজাউল ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে আটকে রাখেন। খবর পেয়ে মহরজানের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

 

পরিবারটির অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে রেজাউল পূর্ববিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা শহিদ খান, সাবেক সেনাসদস্য সাইদুর রহমান খান ও সাবেক সেনাসদস্য চুন্নু ফকিরকে জড়িয়ে সংবাদ সম্মেলন করেন এবং মামলা দায়ের করেন। তাঁরা এসব অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।

 

সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা।

 

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘দোকান নিয়ে রেজাউল হাওলাদার ও সাইদুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে পূজার পরে উভয় পক্ষকে বসার কথা বলা হয়েছিল। এর আগেই উভয় পক্ষ পুনরায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২১ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ