কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি, সহকারীকে পেটানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি, সহকারীকে পেটানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি, সহকারীকে পেটানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি হওয়ার ঘটনায় নিজের নারী সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে বেসরকারি ম্যাক্স হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। আহত সহকারী লামিয়াকে উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন তাঁর স্বজনেরা।

 

অভিযুক্ত চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা ওই হাসপাতালের চিকিৎসক।

 

হাসপাতালে চিকিৎসাধীন লামিয়া জানান, প্রায় চার বছর ধরে তিনি চিকিৎসক রিমার সহকারী হিসেবে কাজ করছেন। মঙ্গলবার রাতে চিকিৎসক তাঁকে দ্রুত বাসায় তিনটি মুঘলাই পাঠাতে বলেন। পরে তিনি মুঘলাই কিনে চিকিৎসকের গাড়িচালকের মাধ্যমে পাঠিয়ে দেন। তবে গাড়িচালক দেরিতে বাসায় পৌঁছানোয় চিকিৎসক তাঁর ওপর ক্ষুব্ধ হন।

 

লামিয়ার ভাষ্য, এ বিষয়ে চিকিৎসক জানতে চাইলে তিনি মুঘলাই পাঠানোর কথা জানান এবং গাড়িচালকের দেরির জন্য নিজের দায় নেই বলে উল্লেখ করেন। এরপর চিকিৎসক তাঁর সামনে থাকা কাচের ওয়েট পেপার ছুড়ে মারেন। পরে ফোন ও হার্ডবোর্ডসহ হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস ছুড়ে মারেন। একপর্যায়ে জুতা দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন বলে অভিযোগ করেন লামিয়া।

 

এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। লামিয়ার আরও অভিযোগ, এর আগেও চিকিৎসক তাঁর সঙ্গে এবং অন্যদের সঙ্গে একাধিকবার খারাপ আচরণ করেছেন। তবে ভয়ে কেউ মুখ খুলতে চান না।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:১২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ