কয়রায় ১৩ কেজি হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ

হোম » খুলনা » কয়রায় ১৩ কেজি হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

কয়রায় ১৩ কেজি হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালীতে অভিযান চালিয়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা। এ সময় এসব মাংস ও হরিণের অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়।

 

পরে জব্দ করা মাংস ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়।

 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৯:০৪:১৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ