
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সমর্থক ইদ্রিস আলীকে যুবদল অফিসে ডেকে নিয়ে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় জড়িত নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া ইসলামী আন্দোলনের আয়োজনে পৌরশহরের কুমারপর্টিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ইদ্রিস আলীর হত্যায় জড়িত জহিরুল ইসলাম ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
এদিকে, যুবদলের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. জহিরুল ইসলামকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি মঙ্গলবার (৪ মার্চ) দল থেকে বহিষ্কার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি জহিরুল ইসলামের ছবি সংবলিত একটি রান্নার পোস্টে ইদ্রিস আলী তার আইডি থেকে ‘রাতে গরু চুরি, দিনে রান্না’ মন্তব্য করেন। এই কমেন্টকে কেন্দ্র করে ইদ্রিস আলীকে অফিসে ডেকে নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা মারধর করেন। গুরুতর অসুস্থতার পর ইদ্রিস ২ মার্চ মারা যান। ৩ মার্চ সকালে নিহতের স্ত্রী ও দুই সন্তান মরদেহ কলাপাড়া থানায় এনে বিচার দাবি করেন।