বাউফলে শতবর্ষী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে শতবর্ষী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর
রবিবার ● ১ মার্চ ২০২৬


বাউফলে শতবর্ষী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবনসাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনে দেখা যায়, বগা-বাউফল সড়কের ভুবনসাহার কাচারি এলাকায় পাঁচ শতাংশ জমির ওপর ১০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের টিনশেড নির্মিত দুই কক্ষবিশিষ্ট শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দির রয়েছে। মন্দিরের পশ্চিম পাশের কক্ষে কালীমাতা এবং পূর্ব পাশের কক্ষে শীতলা মাতার প্রতিমা স্থাপিত। কালী প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় চায়ের দোকানি সবুজ শরীফ বলেন, রাত সাড়ে ৯টার দিকে তিনি পানির জন্য মন্দিরসংলগ্ন পুকুরে গেলে টর্চের আলোতে কালী প্রতিমার ভাঙা মাথা মন্দিরের সামনে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতিকে জানান।
মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি সাগরকন্যাকে বলেন, খবর পেয়ে তিনি রাতেই মন্দিরে এসে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের দাবি, শতবর্ষী এ মন্দিরকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আগে কোনো সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেনি। তাদের ধারণা, বহিরাগত কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সভাপতি অনিল চন্দ্র গণপতি বাদী হয়ে রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

 

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৭ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ