কলাপাড়ায় উৎসবমুখর ভোট, প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণ

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় উৎসবমুখর ভোট, প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণ
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় উৎসবমুখর ভোট, প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণই ছিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার ভোরের কুয়াশা না কাটতেই ভোটাররা সকাল থেকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছেন। নিরাপত্তার কয়েক স্তরের ব্যবস্থার মধ্যেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে অধিকাংশ কেন্দ্রেই গড়ে ৩৫-৪০ শতাংশ ভোট পড়েছে।

 

ছোটবালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ৭৫১ ভোট কাস্ট হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২৯৫৯। কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১টা ২০ পর্যন্ত ৭৮৭ ভোট পড়েছে, মোট ভোটার ২১৭৮ জন। পূর্বমধূখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১১৩০টি। তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পৌণে ১২টা পর্যন্ত ৯০০ ভোট পড়েছে, মোট ভোটার ২৪৯৭।

 

কিছু ভোটারের নাম ভোটার তালিকায় না থাকায় ভোট দিতে পারেননি বলেও অভিযোগ উঠেছে। বলিপাড়া গ্রামের ৩৫৬ নং ক্রমিকের ইসা সরদার ও একই গ্রামের ৫৬৫ ক্রমিকের সূচনা আক্তারের অভিযোগ, তাদের নাম তালিকায় নেই।

 

ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, কলাপাড়ার ৭৪টি কেন্দ্র আগেই ভোট গ্রহণের উপযোগী করা হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় কাজ করছে। মাঠে সেনাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক টিম, এক্সিকিউটিভ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি টিম দায়িত্বে রয়েছে। পুলিশ, সেনা ও বিজিবির মোট ১০০ সদস্য, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন আনসার নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত।

 

কিছু কেন্দ্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও তা সেনা সদস্যদের দ্রুত হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে। কলাপাড়া পৌরশহরের নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক কিশোর ও এক যুবককে আটক করা হয়েছে। কুয়াকাটা মিরাবাড়ি মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষের ছবি তোলার অভিযোগে বেলায়েত (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

ভোটার আফজাল হোসেন জানান, তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং গণভোট যথাযথভাবে প্রয়োগ করেছেন। ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। অধিকাংশ ভোটার মনে করছেন, এই আসনে ধানের শীষ ও হাতপাখা প্রতীকের মধ্যে মূল লড়াই হবে।

 

উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৬০৮। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রয়েছে। এদিকে, বুধবার দিবাগত রাতে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ টাকাসহ কোস্টগার্ড আটক করলেও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। গোটা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৪ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ