
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
রাত পোহালেই নির্বাচন। এরই মধ্যে বরগুনা-১ আসনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা গ্রামে বিএনপির এক সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মো. কালু (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ছোনখোলা গ্রামের মৃত আব্দুল আজীজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালু ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার নান্টু (৪০) ও তার দুই ছেলে রাকিব (২২) এবং সজিব (১৯) হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য কালুর ওপর চাপ সৃষ্টি করেন। কালু ধানের শীষে ভোট দেবেন বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিত হামলা চালালে কালু গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তালতলী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচী দাস সানি সাগরকন্যাকে জানান, আহত কালুর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নান্টুর ছেলে রাকিব বলেন, তাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তিনি দাবি করেন, তিনি সোনাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং পূর্ব শত্রুতার জেরে তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও জানান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, বিষয়টি তাদের জানা আছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।