মানি লন্ডারিং মামলার প্রস্তুতি কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

হোম পেজ » লিড নিউজ » মানি লন্ডারিং মামলার প্রস্তুতি কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধা আটক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধা (৪১)-কে অর্ধকোটি টাকাসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত ১০টার দিকে কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশি করে টাকা উদ্ধার করা হয়। অভিযানে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে মানি লন্ডরিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী সাংবাদিকদের বলেন, কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ তাকে আটকের ঘটনার সাথে নির্বাচন বা বিএনপি দলীয় কোন সম্পর্ক নেই।

এদিকে, কলাপাড়া থানার ওসি বৃহস্পতিবার সকালে জানান, কাজল মৃধাকে থানায় রাখা হলেও আইনানুগভাবে এখনও হস্তান্তর করা হয়নি।

বাংলাদেশ সময়: ৭:৩৬:৫৪ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ