
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসুস্থতা অতিক্রম করে দুই বৃদ্ধ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিয়েছেন। মির্জাগঞ্জ দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছেন গফুর আলী বিশ্বাস (৭০) ও রফেজ মোল্লা (৬৮)।
দুই বৃদ্ধই বিভিন্ন ধরনের অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। রফেজ মোল্লা দীর্ঘ সময় ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ছিলেন, আর গফুর আলীও মিনি স্টোকের কারণে ঘরবন্দি ছিলেন। তবুও এবারের নির্বাচনে তারা নাতির হাত ধরে ভোট দিতে আসেন। গফুর আলী বলেন, দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঘরে পড়ে ছিলাম। এবারে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। হয়তো জীবনের শেষ ভোট দিচ্ছি এই বয়সে। ভোটের পরিবেশ খুবই শান্তিপূর্ণ। আমরা সুষ্ঠু ভাবেই ভোট করেছি।
তাদের নাতি, মির্জাগঞ্জ ইউনিয়নের ছাত্রদলকর্মী মোঃ মাসুদ রানা জানান, এরা আমার দাদু। দীর্ঘদিন অসুস্থ থাকায় তাদের নিজে ভোট কেন্দ্রে নিয়ে আসার প্রয়োজন ছিল। আমি সাহায্য করেছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাগঞ্জের ৪৩টি ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছিল। উপজেলার প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা পাহারা দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লা আল মামুন জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাবের পাশাপাশি পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা প্রত্যেক কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহ-উদ্দীপনািছিল চোখে পড়ার মতো। বয়স্ক ভোটাররা থেকে শুরু করে যুবকরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। মির্জাগঞ্জের স্থানীয়রা বলছেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।